প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার শহরের ঢাকা মোড়ে মানববন্ধন করেন শিক্ষকেরা। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
এদিকে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন অভিভাবক।
স্মারকলিপি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার সিংগীমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকার গত বুধবার রাতে পার্বতীপুর শহরে যান। এ সময় উপজেলার কাজীপাড়া গ্রামের মশিউর রহমান, জয়নালসহ কয়েকজন যুবক প্রধান শিক্ষকের পথরোধ করেন। তাঁরা ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের কারণ জানতে চান। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে যুবকেরা তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে মশিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ভাতিজিসহ কয়েকজন শিক্ষার্থীর ফরম পূরণের জন্য প্রধান শিক্ষক আবু ছালেহ বিনা রসিদে ৩ হাজার ১৮৫ টাকা আদায় করেন। অথচ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭৮৫ টাকা ও মানবিক বিভাগে ১ হাজার ৬৯৫ টাকা নেওয়ার কথা। অতিরিক্ত টাকা আদায়ের কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি। এতে উত্তেজিত হয়ে অভিভাবকেরা তাঁকে মারধর করেন।
মারধরের প্রতিবাদে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলে। এ সময় বক্তব্য দেন পার্বতীপুর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুর রহমান। তিনি বলেন, ঘটনা তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
ইউএনও তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘অভিভাবকদের অভিযোগ ও শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’