প্রধান শিক্ষককে লাঞ্ছিত করলেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খয়ের মোল্যার বিরুদ্ধে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানমকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নাজমা খানম জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
নাজমা খানম গতকাল শনিবার বলেন, ‘গত ২৬ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পর আমার সঙ্গে ইউপি চেয়ারম্যান খয়ের মোল্যার দেখা হয়। এ সময় চেয়ারম্যান আমাকে বিনা কারণে গালাগাল করেন। একপর্যায়ে জুতা দিয়ে মারতে উদ্যত হন। এর আগেও আমাকে কয়েকবার স্কুলের সহকর্মীদের সামনে এবং রাস্তায় প্রকাশ্যে গালাগাল করেছেন। এ ঘটনার পর থেকে ভয়ে আমি কিছুদিন স্কুলে যেতে পারিনি। ১১ দিন পর স্কুলে গেলে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গিয়ে দেখি চেয়ারম্যানের লোকজন খাতায় আমার স্বাক্ষরের জায়গায় লাল কালির দাগ দিয়ে রেখেছেন।’
খয়ের মোল্যা বলেন, তারাপুর স্কুলের প্রধান শিক্ষক ঠিকমতো স্কুলে আসেন না। বেলা ১১টা থেকে দুপুর ১২টার দিকে স্কুলে আসেন। এ ব্যাপারে তাঁকে শুধু জিজ্ঞাসা করা হয়েছে। বকাঝকা বা তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়নি।
মুঠোফোনে যোগাযোগ করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নরেন্দ্রনাথ মৈত্রকে পাওয়া যায়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেসের আলী বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’