প্রধান শিক্ষককে সাত দিনের বাধ্যতামূলক ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পাঁচজন ছাত্রীর অভিভাবক গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে শিশুদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ করেন। এর আগে এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয় চত্বরে গিয়ে প্রধান শিক্ষকের বিচার দাবি করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অন্য শিক্ষকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘আমি কোনো শিশুর সঙ্গে অশালীন আচরণ করিনি। পড়ানোর সময় কোনো কোনো শিশুকে আদর করেছি—এটা ঠিক। আমার বিরুদ্ধে যেসব শিশুর মা অভিযোগ করেছেন, তাঁদের কোনো শিশুকে খারাপ দৃষ্টিতে দেখিনি।’
ইউএনও এ কে এম সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘অশালীন আচরণের শিকার হওয়া শিশুদের সঙ্গে এবং ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে অভিভাবকদের অভিযোগের সত্যতা মিলেছে।’