চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজম খানকে বিধিবহির্ভূতভাবে ব্যবস্থাপনা কমিটি চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজম খান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আপিল ও আরবিট্রেশন কমিটিতে লিখিত অভিযোগ জানালে শুনানি শেষে কমিটি তাঁকে স্বপদে বহাল রাখাসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ মানছেন না বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী।
জানা গেছে, গত এপ্রিল মাসে বিদ্যালয়ের জায়গাজমিসংক্রান্ত মূল দলিলপত্র নিয়ে ইলিয়াছ চৌধুরীর সঙ্গে আজম খানের সম্পর্কের অবনতি হয়। ২৬ এপ্রিল ইলিয়াছ চৌধুরীর সই করা একটি চিঠিতে অশোভনীয় আচরণ, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে আজম খানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
আজম খান জানান, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ২৩ জুন তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আপিল ও আরবিট্রেশন কমিটিতে ৬ জুলাই লিখিত অভিযোগ দেন। ১৬ জুলাই উভয় পক্ষের উপস্থিতিতে আপিল ও আরবিট্রেশনের ৩৫তম সভায় তাঁকে (আজম) বরখাস্ত করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় অনুমোদন না করে তাঁকে স্বপদে পুনর্বহালসহ বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়। ১৮ আগস্ট শিক্ষা বোর্ডের রায়ের অনুলিপি ও নির্দেশ নিয়ে গৌড়স্থান উচ্চবিদ্যালয়ে গেলে তাঁকে (আজম) স্বপদে বহাল করতে অপারগতা প্রকাশ করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুমতি লাগবে।
ইলিয়াছ চৌধুরী জানান, আজম খানের বিরুদ্ধে নয় লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত। আর বোর্ডের রায় পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যে আপিল করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুর রাজ্জাক বলেন, আপিল ও আরবিট্রেশনের শুনানির নির্দেশনা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মানতে বাধ্য। যদি না মানে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান জানান, গৌড়স্থান উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়ে এ ঘটনায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।