প্রধান শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ার ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঠিপেটা করে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আহত শিক্ষকের ভাই রুহুল আমিন সিংড়া থানায় মামলাটি করেন।
সিংড়া থানা সূত্রে জানা যায়, মামলায় স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে তাঁর নিজ কার্যালয়ে লাঠিপেটা করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। আহত শিক্ষক বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ও তাঁর অনুসারীরা ২১ জানুয়ারি ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে লাঠিপেটা করেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে প্রথম আলোয় গত রোববার ‘সিংড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করেছেন।