প্রধান শিক্ষকসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পাল্টাপাল্টি মামলায় বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজনকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার ভোরে ঝড় ও বৃষ্টিপাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনির ওপর তিনটি বাঁশ ভেঙে পড়ে। বাঁশ তিনটি ওই দিন কেটে প্রধান শিক্ষক ইবনে মিজান বিদ্যালয়ে রাখেন। কিন্তু পাশের বাড়ির আবু বোরহান ওই বাঁশ তাঁদের জায়গার দাবি করে নিয়ে যান। তা ছাড়া ওই দিন রাতে প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, তিন শিক্ষিকার বিরুদ্ধে তিনি বদরগঞ্জ থানায় মামলা করেন। বুধবার বিকেলে প্রধান শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে।
একই ঘটনায় বুধবার রাতে প্রধান শিক্ষকের স্ত্রী জোহরা খাতুন বাদী হয়ে আবু বোরহান, মজিবুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। পরে পুলিশ মজিবুলকেও গ্রেপ্তার করে।
গতকাল জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যালয়ের নামে থাকা ৩৩ শতক জমিতেই ওই বাঁশঝাড়। আমি তদন্ত করে দেখেছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিরুদ্ধে করা মামলাটি সাজানো। অথচ এই মামলা তদন্ত না করে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক।’
এদিকে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন শিক্ষকেরা। তাঁরা তদন্ত না করে প্রধান শিক্ষকে গ্রেপ্তারের এ ঘটনায় বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধানের অপসারণের দাবি জানিয়েছেন।
দুপুর ১২টার দিকে শিক্ষকেরা স্থানীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন করেন। পরে সাড়ে ১২টা পর্যন্ত বদরগঞ্জ-রংপুর সড়ক অবরোধ করে রাখেন। এরপর শহীদ মিনারে প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বদরগঞ্জ শাখার সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান প্রমুখ। পরে শিক্ষকেরা ইউএনও কাছে ওসির অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দেন।