ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই অভিযোগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সাইদুর রহমানকেও ওই বিদ্যালয়ের যেকোনো ধরনের ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গৌতম কুমার স্বাক্ষরিত নির্দেশনাপত্র দুটির অনুলিপি তিনি গত বুধবার বিকেলে পেয়েছেন। বরখাস্তের নির্দেশ পাওয়া শিক্ষকেরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ ও সহকারী শিক্ষক (পূর্বতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. আবদুল মমিন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে এই দুই শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
মিজানুর রহমান বলেন, শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার নাম করে একই বিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক নয়ন রানী পালের কাছ থেকে বিভিন্ন সময় ওই তিনজন আট লাখ টাকা ঘুষ নিয়েছেন। পরে ওই তিনজন নয়ন রানী পালকে নিয়োগ না দিয়ে প্রধান শিক্ষকের স্ত্রী ও এক আত্মীয়কে নিয়োগ দেন। নয়ন রানী পালের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। এরপর নয়ন রানী ২০১৪ সালের জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ওই তিনজনের বিরুদ্ধে এই নির্দেশ দেন।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, মন্ত্রণালয়ের এ ধরনের নির্দেশনা তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে মৌখিকভাবে জেনেছেন। তবে নির্দেশনার কোনো অনুলিপি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনি পাননি।
তিনি বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সাইদুর রহমানের মেয়াদ চলতি বছরের ১১ জুলাই শেষ হয়েছে। পরে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, তার মেয়াদ গত ৮ আগস্ট শেষ হওয়ায় বর্তমানে বিদ্যালয়ের অনুমোদিত কোনো কমিটি নেই। নতুন কমিটি গঠনের প্রস্তুতিও তিনি নিয়েছেন।
এ প্রসঙ্গে গতকাল বিকেলে সাইদুর রহমানের সঙ্গে চার-পাঁচবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।