প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সঞ্জীবুর রহমান ভূঁইয়াকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। সঞ্জীবুর নিজে বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে ভৈরব থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক খিজির মোহাম্মদ মুরাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদ মিয়া ও করণিক আমিনুল হক।
সঞ্জীবুরের অভিযোগ, প্রায় দেড় বছর আগে তাঁকে ষড়যন্ত্র করে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনটি তদন্ত দলের প্রতিবেদনের ভিত্তিতে ওই বরখাস্ত আদেশ প্রত্যাহার করে শিক্ষা বোর্ড। এ বিষয়ে গত ১৭ জানুয়ারি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ টি এম মইনুল হোসেন চিঠি দেন। গত বুধবার সকাল ১০টার দিকে সঞ্জীবুর ওই চিঠির অনুলিপি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও করণিক লাঠি ও ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে সঞ্জীবুরকে পিটিয়ে আহত করেন। সঞ্জীবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘আমরা এখন মামলার আসামি হয়েছি। এই অবস্থায় করণীয় ঠিক করতে আজ (গতকাল) বিকেলে পরিচালনা পর্ষদের সঙ্গে শিক্ষকদের সভা আহ্বান করা হয়েছে।’