প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিদ্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ উচ্চবিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ কারণে ওই দিন বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও প্রধান শিক্ষক সূত্রে জানা গেছে, মঙ্গলসিদ্ধ উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় এবার নিয়মিত ৯১ জন ও অনিয়মিত ১০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা করে আদায় করা হয়েছে। কিন্তু সরকারিভাবে এবার জেএসসির ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈলেশ চন্দ্র সরকার প্রত্যেকের কাছ থেকে ৮৫০ টাকা করে বেশি আদায় করেন। আবার এই টাকার কোনো রসিদও দেওয়া হয়নি। কয়েকজন অভিভাবক জেলার আঞ্জুমান সরকারি আদর্শ বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেন, সেখানে ফরম পূরণের জন্য মাত্র ২৬০ থেকে ২৯০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা ফেরত চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা বিভিন্ন খাতের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়ে দেন। এতে গতকাল সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনিছুজ্জামান ওরফে কছির উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক ফরম পূরণের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে সব সময় বেশি টাকা আদায় করেছেন। এবার জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা করে নিচ্ছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈলেশ চন্দ্র সরকার বলেন, বোর্ড ফি, কেন্দ্র ফি, কম্পিউটার ফিসহ অন্যান্য বিষয় মিলিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু আঞ্জুমান সরকারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মোস্তাফিজুর রহমান বলেন, বোর্ড ও কেন্দ্র ফি মিলিয়ে সর্বোচ্চ ২৫০ থেকে ২৯০ টাকা নিতে পারে। এর বেশি নেওয়া যাবে না। এটি অন্যায়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল ওয়াদুদ বলেন, ‘আমি জেলার সব প্রধান শিক্ষককে কারও কাছ থেকে বেশি টাকা না নেওয়া বিষয়ে সাবধান করে দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’