জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ বিক্ষোভ হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ, টাকার বিনিময়ে বই বিতরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ওই সব অভিযোগের ভিত্তিতে গতকাল বেলা একটার দিকে ওই প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ফোটা মিয়া বলেন, ‘২০১১ সালে রফিকুল ইসলাম ব্যবস্থাপনা কমিটির সব সদস্যের স্বাক্ষর জাল করে ভুয়া রেজল্যুশনের (কার্যবিবরণী) মাধ্যমে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নেন। এরপর থেকে তিনি কোনো দিনও সময়মতো স্কুলে আসেন না। উপবৃত্তির টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই তিনি মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামেন।’
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘ওই সব অভিযোগের কোনো সত্যতা নেই। এলাকার কিছু অতি উৎসাহী লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করছে মাত্র।’
বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’