প্রধান শিক্ষকের কারণে ঝরে গেল একটি বছর
কুমিল্লার হোমনা উপজেলার ইটাভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী রিফাত হোসেনকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরীক্ষায় অংশ নিতে দেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষকের নাম আমিরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত একটি অভিযোগ দিয়েছে ওই শিক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা গেছে, রিফাত হোসেন নিয়মিত ছাত্র। পঞ্চম শ্রেণিতে তার রোল নম্বর ৩৫। সে ইটাভরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
রিফাত বলে, ‘আমি হেড স্যারের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) কাছে গত বুধবার প্রবেশপত্র চাইলে তিনি পরে দেবেন বলে জানান, পরে বৃহস্পতিবারও দেননি। শুক্রবার মাকে নিয়ে গেলে পরীক্ষার সময় প্রবেশপত্র দেবেন বলে জানান। স্যারের কাছে দেখেছি, প্রবেশপত্রে আমার ক্রমিক নম্বর ২৮৩৭। পরীক্ষাকেন্দ্র নিলখী উচ্চবিদ্যালয়।’
রিফাতের মা সেলিনা বেগম বলেন, ‘ছেলেকে নিয়া আমিরুল স্যারের কাছ প্রবেশপত্র চাইলে প্রথমে পরে দেবেন বলে জানান। পরে বলেন, আপনার ছেলে পরীক্ষায় পাস করতে পারবে না তাই পরীক্ষা দিতে দেওয়া হবে না।’
অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘রিফাত হোসেন তিন মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। সে কারণে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও নিলখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বজলুল হকের সঙ্গে পরামর্শ করে সে ফেল করবে বলে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এটা ভুল হয়ে গেছে।’
বজলুল হক বলেন, ‘আমার সাথে পরামর্শ করে পরীক্ষা দিতে দেওয়া হয়নি—এ তথ্য ঠিক নয়। আমিও বলেছি রিফাতকে পরীক্ষা দিতে দেওয়ার জন্য। হেডমাস্টার আমার কথাও রাখেননি।’
ইউএনও আহমেদ জামিল বলেন, ‘একজন পরীক্ষার্থীকে পরীক্ষা না দেওয়ানোর কোনো বিধান নেই। রিফাত হোসেনকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে লিখিত অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আল আমিন বলেন, রিফাতকে কী কারণে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হলো না, তা জানতে চেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।