প্রধান শিক্ষকের পদ রক্ষায় কলেজ শাখা বিলুপ্তির ষড়যন্ত্র?
পাবনার সুজানগর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাঁর পদ বহাল রাখার জন্য কলেজ শাখা বিলুপ্ত করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষকেরা এ কথা বলেন।
শিক্ষকেরা বলেন, প্রতিষ্ঠানটির নাম সুজানগর পাইলট মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ। এটির প্রধান শিক্ষক আমজাদ হোসেন। তাঁর ষড়যন্ত্রের কারণে প্রতিষ্ঠানটির কলেজ শাখার ১১ জন শিক্ষক, দুজন অফিস সহকারী ও একজন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কলেজ শাখার গণিত বিষয়ের শিক্ষক মোছা. শামিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তাসলিমা নাসরীন, সাবিনা ইয়াছমিন, অঞ্জুয়ারা খাতুন ও রওশন আরা খাতুন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৫৬ সালে সুজানগর পাইলট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এখানে কলেজ শাখা যুক্ত করা হয়। ওই বছরের ১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে কলেজ শাখার পাঠদানের অনুমতি দেয়। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে কলেজ শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়। একই সঙ্গে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ১১ জন শিক্ষক, দুজন অফিস সহকারী ও একজন কর্মচারী নিয়োগ করা হয়। দুই দফা কলেজ শাখা থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১৪০ জন শিক্ষার্থী ভর্তি আছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অবসরে গেলে সহকারী শিক্ষক আমজাদ হোসেনকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ নিয়োগের কথা। এখন প্রধান শিক্ষক তাঁর পদ রক্ষা করতে কলেজ শাখা বিলুপ্ত করতে চাচ্ছেন। তিনি কলেজের তথ্য গোপন রেখে শুধু স্কুল পরিচালনা করছেন।
শিক্ষকেরা বলেন, তাঁরা বহু টাকা খরচ করে চাকরি নিয়েছেন। প্রধান শিক্ষক তাঁদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছেন। বিষয়টি জানিয়ে উপজেলা ও জেলা প্রশাসন, জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দেওয়া হলেও সমাধান পাওয়া যায়নি।
শিক্ষক সাবিনা ইয়াছমিন বলেন, কলেজ শাখা বিলুপ্ত করতে ইতিমধ্যেই প্রধান শিক্ষক প্রতিষ্ঠানটির সাইনবোর্ড পরিবর্তন করেছেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘বিভিন্ন জটিলতার কারণে বহু আগেই কলেজ শাখা বিলুপ্ত হয়েছে। শিক্ষার্থী-শিক্ষকেরা প্রতিষ্ঠানে আসা বাদ দিয়েছেন। বর্তমানে স্কুলটি জাতীয়করণের তালিকায় রয়েছে। আমাদের ধারণা, এ জাতীয়করণ প্রক্রিয়া নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে।’
প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষকদের অবহেলার কারণেই কলেজ শাখাটি বিলুপ্ত হয়েছে। তাঁরা ঠিকমতো কলেজে আসেন না, ক্লাসও করান না। আমরা বারবার তাগিদ দিয়েও তাঁদের আনতে পারিনি। ফলে এখন শিক্ষার্থীরাও আসছে না।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘শিক্ষকদের অভিযোগ পেয়েছি। সবকিছু ঠিক থাকলে কলেজ শাখা বাদ দেওয়ার উপায় নেই।’