প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের জয়নুল আবদিন ফারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ইলিয়াছ ২০১৪ সালের ১ মার্চ থেকে ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়াই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। কমিটিকে পাশ কাটিয়ে নিজের ইচ্ছামতো ব্যাংক হিসাব পরিচালনা করছেন। বিষয়টি ব্যবস্থাপনা কমিটির নজরে আসার পর অনুসন্ধানে দেখা যায়, সভাপতি ও প্রধান শিক্ষকের নামে সোনালী ব্যাংকের সেনবাগ শাখায় যে হিসাব খোলা হয়েছে, সেখানে সভাপতির স্বাক্ষরগুলো ভুয়া। সভাপতির নাম ব্যবহার করে প্রধান শিক্ষক নিজেই বিভিন্ন সময়ে বিদ্যালয়ের নামে সরকারি বরাদ্দ আসা প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া পূবালী ব্যাংকের ছমিরমুন্সীরহাট শাখা বিদ্যালয়ের আরেকটি হিসাবেও গরমিল ধরা পড়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু ছায়েদ প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত এমন প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে তিনি চিঠি দিয়েছেন।
অভিযোগের বিষয়ে তিন দিন ধরে মুঠোফোনে বেশ কয়েকবার প্রধান শিক্ষক মো. ইলিয়াছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিদ্যালয়টির অন্য শিক্ষকেরা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় কারও মতামত নেন না। তাঁর স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এমরান হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি গত মঙ্গলবার সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন ও অভিযোগের তদন্ত করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিগগিরই এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হবে।