গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কৃষ্ণপুর আদর্শ দ্বিমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের হারুনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকেরা। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নওশের হারুন প্রভাব খাঁটিয়ে তাঁর মনোনীত লোক দিয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন করেন। প্রতিষ্ঠার বছরেই হারুন তাঁর স্ত্রী ও এক ফুফুাতো বোনকে সহকারী শিক্ষক এবং পরে ভাই কাওছারুল আলমকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। ভাইকে জ্যেষ্ঠতার স্কেল এবং স্ত্রীর বেতন-ভাতার জন্য তৎকালীন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সই জাল করে তা এমপিওভুক্ত করেন। সই জালের বিষয়টি ধরা পড়লে ওই দুজনের এমপিও বাতিল হয়। পরে হারুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে আবার স্ত্রী ও ভাইকে এমপিওভুক্ত
করান।
এ বিষয়ে নওশের হারুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রী ও ভাইসহ আত্মীয়স্বজনের যোগ্যতা রয়েছে। প্রভাব খাঁটিয়ে নয়, নিয়োগ বিধিমালা অনুযায়ী তাঁদের চাকরি দেওয়া হয়।’ তিনি ঘুষ দিয়ে স্ত্রী ও ভাইয়ের চাকরি এমপিওভুক্ত করার কথা অস্বীকার করেন।
সাদুল্যাপুরের বিরাহিমপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ২০০৫ সালে তাঁর স্ত্রী নাদিরা খাতুন কম্পিউটার শিক্ষক পদে আবেদন করেন। হারুন চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা নিয়েও চাকরি দেননি। টাকা ফেরত চাইলে তিনি চেক দেন। কিন্তু তাঁর হিসাব নম্বরে টাকা না থাকায় ওই চেক ব্যাংক ফেরত দেয়। ওই বছর নাদিরা বাদী হয়ে হারুনের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেন। আদালত ২০১৪ সালে তাঁকে এক বছরের জেল ও জরিমানা করেন। ওই মামলায় ১৮ দিন কারাভোগের পর তিনি জামিনে আছেন।
এ প্রসঙ্গে হারুন দাবি করেন, ‘চেক জালিয়াতি নয়। অন্য একটি ঘটনায় মামলা হয়। এ নিয়ে আমি আপিল করেছি।’
২০১২ সালে প্রতিবেশীর গাছ কাটার মামলায় আদালত হারুনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক রয়েছেন। মুঠোফোনে হারুন বলেন, ওই মামলাটি শত্রুতাবশত করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, গ্রেপ্তার এড়াতে প্রায় সাড়ে সাত মাস ধরে বিদ্যালয়ে নিয়মিত আসেন না প্রধান শিক্ষক। অথচ তিনি বেতন-ভাতা তুলছেন। ফলে প্রশাসনিক কাজ ও লেখাপড়া ব্যাহত হচ্ছে।
তবে হারুন দাবি করেন, ‘মামলা হলেও আমি নিয়মিত বিদ্যালয়ে যাই এবং বিদ্যালয়ের অনেক উন্নয়ন করেছি।’
ইউএনও মুহাম্মদ আহসান হাবীব বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি সব ক্ষমতার অধিকারী। তাঁর পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন, ‘ব্যবস্থা নেব কী! উনি (হারুন) তো আমাকে পাত্তাই দেন না।’