বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি ১৫টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে গত রোববার বিকেলে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
ইউএনও হাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির বিষয়ে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মণ্ডল বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯০ সালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নছরতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা মাঠের চারদিকে বিভিন্ন জাতের গাছ রোপণ করেন। সম্প্রতি ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অজুহাতে প্রধান শিক্ষক হাফিজুর রহমান ১৫টি গাছ বিক্রি করে দিয়েছেন। এগুলোর মূল্য এক লাখ টাকার বেশি।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের চারপাশে প্রায় ৫০টি বিভিন্ন জাতের গাছ। বিদ্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে ১৫টি কাটা গাছের গোড়া রয়েছে। নছরতপুর গ্রামের আবদুল মোতালেব বলেন, গাছগুলো থাকায় বিদ্যালয়ের ভবন নির্মাণে কোনো সমস্যা ছিল না।
প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘গাছ বিক্রির বিষয়ে আমি কিছু জানি না।’
বিদ্যালয় ভবন নির্মাণকাজের ঠিকাদার আবদুল মোমিন বলেন, ‘প্রধান শিক্ষক তাঁর লোকজন দিয়ে গাছ কেটে নতুন ভবন নির্মাণের স্থান ফাঁকা করে দিয়েছেন। তবে ওই গাছ পরে তিনি কী করেছেন তা আমার জানা নেই।’