প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
পঞ্চগড় সদর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর অভিভাবক এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে মৌখিক অভিযোগ করেছেন।
ওই ছাত্রীর পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের মাঠে গত বুধবার দুপুরে জাদু প্রদর্শনী চলছিল। শিক্ষক-শিক্ষার্থী সবাই জাদু দেখতে মগ্ন ছিলেন। এর ফাঁকে প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যান। একপর্যায়ে প্রধান শিক্ষক ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়িতে এসে কান্নাকাটি করে অভিভাবকদের বিষয়টি বলে। সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন প্রধান শিক্ষকের বিচারের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই ছাত্রীর অভিভাবক গতকাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে এর বিচার দাবি করেন।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, ‘ঘটনাটি আমরা মুখে মুখে শুনেছি। কিন্তু অভিভাবকের লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ ব্যাপারে জানতে ওই প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।