প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
আগৈলঝাড়া উপজেলা সেটেলমেন্ট কার্যালয়, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলার বড় বাশাইল গ্রামের দিজেন্দ্রনাথ ঘটক, তাঁর ভাই চিত্তরঞ্জন ঘটক ও আমোদীনি গাইন বড় বাশাইল মৌজার ২ একর ৯ শতাংশ জমি বড় বাশাইল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে আগৈলঝাড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের মাধ্যমে সাবকবলা দলিল করে দেন। পরে ১৯৯০ সালে তাঁরা স্থানীয় লোকজন নিয়ে বাশাইল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৯৮ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে যোগদান করেন প্রতিষ্ঠাতা দিজেন্দ্রনাথ ঘটকের ছেলে দিলীপ কুমার ঘটক ও সহকারী শিক্ষক পদে যোগদান করেন তাঁর পুত্রবধূ মালা রানী।
বড় বাশাইল গ্রামের বাসিন্দা ও অভিভাবক ধীরেন জয়ধর, বীবেকানন্দ বাড়ৈ, অনিতা রানীসহ কয়েকজন অভিযোগ করেন, চলতি মাঠ জরিপে দিলীপ ঘটক বিদ্যালয়ের নামের ২ একর ৯ শতাংশ জমি সেটেলমেন্ট কার্যালয়ের কয়েকজন অসাধু কর্মকর্তার সহায়তায় গোপনে নিজের নামে রেকর্ড করে নেন। রেকর্ড নেওয়া ওই জমির মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, চলতি মাঠ জরিপে বিদ্যালয়ের নামে কোনো সম্পত্তি রেকর্ডভুক্ত করা হয়নি। বিদ্যালয়ের পুরো সম্পত্তি রেকর্ড করে নিয়েছেন দিলীপ কুমার ঘটক ও তাঁর বন্ধু।
প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ সম্পর্কে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক দিলীপ কুমার ঘটক বলেন, ‘বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার জন্যই জমি আমার নিজের রেকর্ড করেছি।’ তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে তিনি রাজি হননি।
উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা সিরাজুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ দাস বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
সদ্য যোগদানকারী আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।