প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি করে বেতন তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামের বাউরা পাবলিক দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে তথ্য গোপন করে তিন মাসের বেতন-ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালকের কাছে গত রোববার সুপারিশ পাঠিয়েছেন।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ এপ্রিল গঠিত বিদ্যালয়টির অ্যাডহক ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ১ অক্টোবর শেষ হয়ে যায়। কিন্তু এ তথ্যটি গোপন করে প্রধান শিক্ষক আজিজার রহমান ওই কমিটির সভাপতির স্বাক্ষরসহ নিজের স্বাক্ষরে গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক থেকে তোলেন। এই প্রতারণার বিষয়টি গত বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জেলা শিক্ষা কর্মকর্তাকে জানান। এরপর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমপিও স্থগিতকরণসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালকের কাছে সুপারিশপত্র পাঠানো হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, কোনো বিদ্যালয় পরিচালনার জন্য বিধিমালা অনুযায়ী দুই বছরমেয়াদি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে বা অন্য কারণে কমিটি গঠন না করা গেলে ছয় মাস মেয়াদে অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটি একাধিকবার করায় কোনো বিধিনিষেধ নেই। অ্যাডহক কমিটি না থাকলে জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিস্বাক্ষরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সবার বেতন-ভাতা তোলার নিয়ম আছে। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই নিয়ম না মেনে তথ্য গোপন করে মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে তিন মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে তুলেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ তাঁর এমপিও স্থগিত করার জন্য মাউশির মহাপরিচালকের সুপারিশপত্র পাঠানো হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি এখন মিটিং নিয়ে ব্যস্ত আছি। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।’
তথ্য গোপন ও মেয়াদ উত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির স্বাক্ষরে বেতন-ভাতা তোলার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আজিজার রহমান সোনালী ব্যাংকের পাটগ্রাম শাখার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে বলেন।