প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য রুস্তম আলী শেখ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, রাজবাড়ী-ফরিদপুর সড়কে বিদ্যালয়ের পাশে প্রধান শিক্ষক আবুল বাসারের উদ্যোগে দুটি মার্কেট নির্মাণ করা হয়েছে। এরপর একটি টিনশেড মার্কেটে ১০টি এবং আরেকটি দোতলা মার্কেটে ৩০টি দোকান বরাদ্দ দেন তিনি। এসব দোকান বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে তিনি প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
এর আগে ২০১১ সালে আবুল বাসার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থীর পরীক্ষার ফি বাবদ প্রায় দুই লাখ টাকা নেন। পরে পুরোনো একটি মার্কেটের টিন বিক্রি, বিদ্যালয়ের তিন একর আবাদি জমির ইজারা, পুরোনো মার্কেটের ১০টি দোকানের ভাড়া, বিদ্যালয়ের দুটি বড় মেহগনিগাছ বিক্রির টাকা এবং রশিদ ছাড়া বিভিন্ন পরীক্ষার সনদ, নম্বরপত্র ও প্রশংসাপত্র দিয়ে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেন।
চিঠিতে আরও বলা হয়, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর ভবিষ্যৎ তহবিলের টাকা ব্যাংকে জমা না রেখে প্রধান শিক্ষক তা নিজের কাছে রাখতেন। এগুলো তিনি নিজের ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। এ ছাড়া নিয়মিত ক্যাশ খাতায় না লিখে ভুয়া বিল-ভাউচার তৈরি করেছেন।
প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, কমিটির কিছু লোক মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। তবে নির্মাণ করতে কত টাকা ব্যয় ও দোকান বরাদ্দ দিয়ে কত টাকা আয় হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত হোসেন বলেন, ‘আমি চলতি বছরের জানুয়ারিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি। অধিকাংশ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। আর প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে জানায়নি।’
জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান বলেন, জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।