প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমপিও শিটে অফিস সহকারী পদে অন্যের নাম ও ইনডেক্স নম্বর ব্যবহার করে ১৫ মাসের বেতন-ভাতার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জাকির হোসেন ১৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও রংপুরের দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেদ আলী অফিস সহকারী পদে হাছিনা খাতুন নামের একজনকে নিয়োগ দেখিয়ে অবৈধভাবে ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ মাস পর্যন্ত মাসিক বেতন-ভাতার সরকারি ওই টাকা সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখা থেকে উত্তোলন করেন। এ ক্ষেত্রে এমপিও শিটে হাছিনার নামে ভুয়া ইনডেক্স নম্বর ব্যবহার করেন ওই প্রধান শিক্ষক।
ওই অভিযোগের সূত্র ধরে সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখা থেকে ওই সময়ের মধ্যে জমা দেওয়া ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাসিক উপস্থিতি প্রতিবেদন, মাসিক বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট ও এমপিও শিটের কপি তুলে দেখা যায়, সব কপিতেই অফিস সহকারীর পদে হাছিনা খাতুনের নামের পাশে ইনডেক্স নম্বর হিসেবে ২৫৫৩০০ ব্যবহার করা হয়েছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারী বলেন, অফিস সহকারী পদে হাছিনার নামে ব্যবহার করা ওই ইনডেক্স নম্বর ভুয়া।
অনুসন্ধানে জানা যায়, ওই বিদ্যালয়ের অফিস সহকারীর পদে চাকরি করতেন সাজ্জাদ হোসেন। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেদ আলীর আপন জামাতা। পরে সাজ্জাদ প্রথম স্ত্রী রেখে এক ছাত্রীকে বিয়ে করেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁকে ২০১২ সালের সেপ্টেম্বরে সাময়িক বরখাস্ত করে। এরপর প্রধান শিক্ষক তাঁর পুত্রবধূ হাছিনা খাতুনকে অফিস সহকারীর ওই পদে নিয়োগ দেখান ও এমপিও শিটে হাছিনার নাম ও ভুয়া ইনডেক্স নম্বর ব্যবহার করে ১৫ মাসের বেতন-ভাতা ও বোনাসের ১ লাখ ৩৭ হাজার ১৩৭ টাকা ব্যাংক থেকে উত্তোলনের পর আত্মসাৎ করেন।
বিদ্যালয়ের চারজন শিক্ষক বলেন, সাজ্জাদ দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলে প্রধান শিক্ষকের সঙ্গে আপসরফার ভিত্তিতে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ তুলে নেওয়া হয় ও অফিস সহকারীর পদে তাঁকে পুনর্বহাল করা হয়। এরপর এমপিও শিট থেকে হাছিনার নাম তুলে দিয়ে সাজ্জাদ হোসেনের নাম ব্যবহার করা হয়। সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখা থেকে এ প্রতিবেদক প্রয়োজনীয় নথিপত্র তুলে তাঁর সত্যতাও পেয়েছেন। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী হাছিনার নামে ভুয়া ইনডেক্সে মাসিক বেতন-ভাতা ও বোনাসের ওই টাকা উত্তোলন করেছেন ওই প্রধান শিক্ষক।
প্রয়োজনীয় নথিপত্রসহ অভিযোগ সম্পর্কে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেদ আলীর মুখোমুখি হলে তিনি অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অফিস সহকারী পদে হাছিনার নাম ও ভুয়া ইনডেক্স নম্বর ব্যবহার করে আমি ব্যাংক থেকে বেতন-ভাতার ১ লাখ ৩৭ হাজার ১৩৭ টাকা উত্তোলন করেছি। এটা ভুল হয়েছে। এখন উত্তোলন করা ওই টাকা সরকার ফেরত চাইলে তা আমি ফেরত দিব। তবে উত্তোলন করা টাকা আমি আত্মসাৎ করিনি, হাছিনা ও সাজ্জাদকে ভাগাভাগি করে দিয়েছি।’
বদরগঞ্জের ইউএনও কাজী আবেদা গুলশান মুঠোফোনে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত আটবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।