প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পশ্চিম বামনিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল রোববার প্রথম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
গতকাল বিকেলে সরেজমিনে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে প্রথম শ্রেণির ওই দুই ছাত্রী বিদ্যালয়ে পৌঁছায়। এ সময় প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক ছাড়া অন্য কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এদের মধ্যে একজনকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কেঁদে ফেললে ছেড়ে দেন। ভয়ে শিশুটি বিদ্যালয়ে থেকে পালিয়ে একটি দোকানের পাটাতনের নিচে আশ্রয় নেয়। এর কিছু সময় পর অন্যজনকে ডেকে নিয়ে আবারও ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার করলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দেন। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
বিষয়টি জানাজানি হলে শিশু দুটির অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে ছুটে আসেন। পরিস্থিতি খারাপ দেখে প্রধান শিক্ষক পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে যান। এর মধ্যে একটি শিশু হাঁটতে পারছিল না। পুলিশ আহত শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, শিশু দুটির চিকিৎসা চলছে। ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশু দুটির ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান বলেন, প্রধান শিক্ষক পলাতক। তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।