প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চকপাড়া হেলালউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনি নির্মাণ করা নিয়ে মাজহারুল ইসলামের সঙ্গে নুসরাত জাহানের স্বামী আবদুস সালামের কথা–কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নুসরাত জাহানের অভিযোগ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনি নির্মাণের কাজ করা হচ্ছিল। কাজের তদারকি করছিলেন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম। ওই বিদ্যালয়ের পাশে নুসরাত জাহানের বাড়ি। ওই বাড়ি ভাড়া দেওয়া। যাত্রীছাউনি নির্মাণের সময় নুসরাতের স্বামী আবদুস সালাম ছাউনির পানি তাঁর বাড়িতে পড়বে বলে মাজহারুলের কাছে অভিযোগ করেন। তিনি এমনভাবে যাত্রীছাউনিটি নির্মাণ করতে বলেন, যাতে পানি বাড়িতে না পড়ে। এ নিয়ে মাজহারুল ইসলাম ও আবদুস সালামের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুস সালামকে মারধর করতে উদ্যত হন মাজহারুল ইসলাম। ওই সময় নুসরাত স্বামীকে রক্ষায় এগিয়ে এলে তাঁকে মারধর করেন মাজহারুল।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, ‘দুই পক্ষের অভিযোগ আমি শুনেছি। বিষয়টি পারিবারিক। নিজেদের মধ্যে মিটমাট করতে বলেছি।’
মাজহারুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের পাশের জমির মালিক আবদুস সালাম নন। তারপরও তিনি যাত্রীছাউনি করতে বাধা দেন। এ নিয়ে তর্কবির্তকের একপর্যায়ে আবদুস সালাম আমাকে মারতে আসেন। নুসরাত স্বামীকে থামাতে গিয়ে হয়তো আঘাত পেয়েছেন। আমার ওপর মিথ্যা দোষ দেওয়া হচ্ছে।’