প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে ৩১৪ জন ছাত্রছাত্রীর পোশাক সরবরাহের নামে ব্যবসা করার অভিযোগ উঠেছে। সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্তৃপক্ষের কাছ থেকে বেশি দামে পোশাক কিনতে বাধ্য করায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন।
বিদ্যালয়ের কমপক্ষে ১০ জন অভিভাবক অভিযোগ করেন, তাঁদের সন্তানদের বিদ্যালয়ের পোশাকের জন্য প্রধান শিক্ষক কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই রংপুরের ‘স্টুডেন্ট কেয়ার কোম্পানি লি.’ নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তৈরি পোশাক সরবরাহ করেন। এ জন্য ৩০০ টাকা করে নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি ছাত্রছাত্রীদের পোশাক বাধ্যতামূলক করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়। দ্রুত সময়ে পোশাক পাওয়া নিশ্চিত করতে ওই প্রতিষ্ঠানকে সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। কোনো বাণিজ্য হয়নি।
সরেজমিনে ৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ছাত্রছাত্রীদের পরনে সরবরাহ করা পোশাক।
স্থানীয় হাজী বস্ত্রালয়ের মালিক শরিফুল ইসলাম বলেন, পোশাকগুলো যে কাপড় দিয়ে বানানো তা প্রতি গজ ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়। সাকল্যে এ ধরনের প্রতিটি পোশাকের জন্য গড়ে ব্যয় হবে ১৫০ টাকা। বেশি সংখ্যায় বানালে ব্যয় আরও কমে।
‘স্টুডেন্ট কেয়ার কোম্পানি লি.’ মার্কেটিং কর্মকর্তা রিপন মুঠোফোনে বলেন, তাঁরা প্রতি সেট পোশাক গড়ে ২৫০ টাকায় সরবরাহ করেছেন। প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কাছ থেকে কত নিয়েছেন তা জানেন না।
স্বপন, সুশান্ত, কার্তিক নামে (পেশায় নরসুন্দর) তিনজন অভিভাক ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা গরিব মানুষ। বিদ্যালয় থেকে হঠাৎ করে বাচ্চাদের পোশাক কিনতে তাগিদ দেওয়ায় ধারদেনা করে টাকা জোগাড় করতে হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট জায়গা থেকে পোশাক নেওয়ার কোনো িধিনিষেধ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।