নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী গোলাম আযম নাটোর আমলি আদালত-৩-এ (গুরুদাসপুর) ওই মামলা করেন। গত সোমবার মামলার শুনানি হয়েছে।
আদালত শুনানি শেষে আগামী ১৬ মের মধ্যে বিষয়টি সমঝোতা করে নেওয়ার শর্তে প্রধান শিক্ষক আজাহারকে জামিন দিয়েছেন।
এদিকে প্রধান শিক্ষক আজাহার সোমবার জামিনের জন্য আদালতে যাওয়ার সময় আরও ১১ জন শিক্ষককে সঙ্গে করে নাটোর নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী গোলাম আযম বলেন, ২০১৫ সালের শুরুর দিকে প্রথমে অফিস সহকারী হিসেবে তাঁকে নিয়োগ দেওয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা উৎকোচ নেন প্রধান শিক্ষক আজাহার। এ সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সমঝোতা স্বাক্ষরও করেন প্রধান শিক্ষক। ওই পদে নিয়োগ দিতে ব্যর্থ হন প্রধান শিক্ষক। পরে সমাজবিজ্ঞান শিক্ষক পদে খণ্ডকালীন নিয়োগ (৩০-৭-২০১৫) দেওয়া হয় গোলাম আযমকে। কিন্তু খণ্ডকালীন শিক্ষকের বেতন হওয়ার সম্ভাবনা নেই, বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রধান শিক্ষকের কাছে উৎকোচের সাড়ে ৬ লাখ টাকা ফেরত চান গোলাম আযম। প্রধান শিক্ষক ওই টাকা ফেরত দিতে অস্বীকার করায় তিনি গত ২২ ফেব্রুয়ারি আদালতে ওই মামলা করেন। ঋণ করে চাকরির জন্য তিনি টাকাগুলো দিয়েছিলেন। চাকরি না হওয়ায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান খান বলেন, গোলাম আযমকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ঠিক। কিন্তু নিয়োগের নামে প্রধান শিক্ষকের উৎকোচ নেওয়ার বিষয়টি তিনি জানেন না। একই সঙ্গে সোমবার ক্লাস ফাঁকি দিয়ে ১১ শিক্ষকের আদালতে যাওয়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক আজাহার দাবি করেন, গোলাম আযমকে কোনো পদেই নিয়োগ দেওয়া হয়নি। পারিবারিক বিরোধের জের ধরে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে মিথ্যা মামলায় তাঁকে হয়রানি করা হচ্ছে।