প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল সোমবার পীরগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রী গত রোববার সকাল নয়টায় স্কুলে গিয়েছিল। সে সময় বিদ্যালয়ে সব শিক্ষক ও ছাত্রছাত্রী এসে পৌঁছায়নি। সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীটিকে ডেকে নিয়ে তাঁর কক্ষ ঝাড়ু দিতে বলেন। ছাত্রীটি প্রধান শিক্ষকের কক্ষ ঝাড়ু দেওয়া শুরু করলে প্রধান শিক্ষক তাঁকে নানাভাবে হেনস্তা করেন। তখন ছাত্রীটি কৌশলে সেখান থেকে পালিয়ে আসে।
তিনটি ক্লাস করার পর ছাত্রীটি ছুটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসে সে তাঁর মাকে বিষয়টি খুলে বলে। এরপর গতকাল সোমবার ছাত্রীর মা পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াহেদ বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।