প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রধান শিক্ষকের (৪০) বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত রোববার টিফিনের বিরতির সময় প্রধান শিক্ষক ছাত্রীদের কমন রুমে যান। এ সময় তিনি ওই ছাত্রীকে বিরতির পর শ্রেণিকক্ষে না গিয়ে সেখানে একা থাকতে বলেন। মেয়েটি তা না শুনে শ্রেণিকক্ষে চলে যায়। পরে ওই শিক্ষক এক ছাত্রকে দিয়ে শ্রেণিকক্ষ থেকে মেয়েটিকে তাঁর কক্ষে ডেকে নেন। প্রথমে তিনি কথা না শোনার জন্য ওই ছাত্রীকে শাসান। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে স্নেহ করার কথা বলে জড়িয়ে ধরেন। এ সময় এলাকার দুই কলেজছাত্রকে বিদ্যালয়ে আসতে দেখে তিনি মেয়েটিকে ছেড়ে দিয়ে শ্রেণিকক্ষে চলে যেতে বলেন। ছুটির পর বাড়ি ফিরে ওই ছাত্রী কেঁদে কেঁদে এ ঘটনা স্বজনদের বলে দেয়। স্বজনেরা রাতেই বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য ও চেয়ারম্যানকে জানান। তাঁদের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যা সাতটার দিকে ওই ছাত্রী থানায় অভিযোগ দেয়। গতকাল মামলাটি নথিবদ্ধ করা হয়েছে।
ওই ছাত্রী বলে, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ও ওই শিক্ষক তাকে একবার কুপ্রস্তাব দিয়েছিলেন। তখন সে তাঁকে বাবার মতো দেখার কথা বললে তিনি আর কিছু বলেননি।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ওই ছাত্রীর কাছ থেকে ঘটনাটি শুনে তাঁরা প্রাথমিকভাবে খোঁজখবর নেন। তাতে ঘটনাটির সত্যতা মেলে। ঘটনার পর ওই শিক্ষক বিষয়টি মিটমাটের জন্য তাঁকে মুঠোফোনে প্রস্তাব দেন। প্রধান শিক্ষকের সঙ্গে এলাকার কারও বিরোধও নেই।
তবে প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পাশের একটি বিদ্যালয় তাঁর প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এ কারণে তাঁর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি সাজানো।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীর বক্তব্য তিনি শুনেছেন। তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।