প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য নীল (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে গত বুধবার মারধর করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন শিশুটিকে পেটান বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীর মা শিলা গাঙ্গুলী।
শিলা গাঙ্গুলীর ওই অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অরণ্য বিদ্যালয়ে যায়নি। এ কারণে পরদিন বুধবার গণিত বিষয়ের ক্লাস চলাকালে প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন ওই শ্রেণিতে ঢুকে অরণ্য নীলকে দাঁড় করান। পরে তিনি (আফরোজা ইয়াসমিন) অরণ্যের চুল টেনে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পিটুনি দেন। ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অরণ্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে ওই ঘটনার সময় উপস্থিত শ্রেণিশিক্ষক কহিনুর বেগম বলেন, যে ঘটনা ঘটেছে তা অভিযোগ দেওয়ার মতো না।
প্রধান শিক্ষক বলেন, ‘রাগ করেছি মাত্র। অরণ্যকে ধাক্কা বা মারধর করিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গ লাল রায় বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’