প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
যশোরের কেশবপুর উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত বুধবারের এ ঘটনার প্রতিবাদে পরদিন এলাকাবাসী স্কুলে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক তাঁর কক্ষ ঝাড়ু দেওয়ার জন্য ওই ছাত্রীকে ডাকেন। সবাই বাইরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় এ সময় কক্ষে আর কেউ ছিল না। এ সুযোগে প্রধান শিক্ষক শিশুটির শ্লীলতাহানি ঘটান।
গতকাল শুক্রবার ওই ছাত্রীর মা বলেন, বুধবার স্কুল থেকে ফিরে এসে মেয়ে আর ভাত খায়নি। গম্ভীর ছিল। পরদিন মেয়ে বলে, ‘আম্মু আমি আর স্কুলে যাব না।’ তখন মেয়ে সব খুলে বলে।
একই স্কুলের আরও দুজন ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। তারা বলে, তাদের অনেক বান্ধবীও এমন অবস্থার শিকার হয়েছে। তারা ওই শিক্ষকের কাছে আর পড়তে চায় না।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলাকাবাসী স্কুলে তালা ঝুলিয়ে দেয়। তারা ওই শিক্ষকের অপসারণ দাবি করে। বেলা আড়াইটার দিকে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশরেকীন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী স্কুল ত্যাগ করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বেলা দুইটার দিকে ওই শিক্ষকের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী বলেন, এ অভিযোগ সত্য নয়। গ্রাম্য শত্রুতা থেকে এ অভিযোগ করা হয়েছে।