প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে গতকাল মঙ্গলবার এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্র সোহেল রানা (১১) আরুয়া ইউনিয়নের কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে দক্ষিণ শালজানা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ওই ছাত্রের পরিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিদিন বিদ্যালয় শুরুর দুই ঘণ্টা আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা (কোচিং) করেছে। গতকাল সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইনুল ইসলাম কোচিং ক্লাস করানোর সময় শ্রেণিকক্ষের এক সহপাঠীর সঙ্গে সোহেলের কথা–কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক তাকে বেত দিয়ে পেটালে সে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবিদা আক্তার জানান, ওই ছাত্রের দুই হাত ও পিঠের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের জখম রয়েছে। পিঠের কিছু কিছু স্থানে চামড়া উঠে গেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, কোচিং চলাকালে কথা–কাটাকাটির একপর্যায়ে সোহেল সহপাঠী রাশেদের গলা চেপে ধরে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তিনি ঝগড়া থামাতে দুজনকে বেত্রাঘাত করেন। তবে সোহেলের আঘাতটা বেশি হয়ে গেছে। এ ঘটনায় তিনি অনুতপ্ত বলে জানান।
শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শিক্ষার্থীদের মানসিক কিংবা শারীরিক শাস্তির বিধান নেই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।