প্রধান শিক্ষকের মাথায় আঘাত করলেন শিক্ষা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল মামুন
আবদুল্লাহ আল মামুন

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মাথায় আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন পাশের জামালপুর এলাকায় ইকরা ইসলামিয়া নামে একটি কিন্ডারগার্টেন করেছেন। তিনি প্রায়ই দুপুরের পর নানা অজুহাতে স্কুল ছুটি দিয়ে সেখানে সময় দেন—এমন অভিযোগের ভিত্তিতে শামীম আহমেদ মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। বিদ্যালয়ে গিয়ে কোনো ছাত্রছাত্রীকে না পেয়ে পরিদর্শন বইতে তা লিপিবদ্ধ করেন তিনি। পরিদর্শন বইতে বিরূপ মন্তব্য লেখায় আবদুল্লাহ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম আহমেদ হাতের কাছে থাকা স্ট্যাপলার আবদুল্লাহর মাথায় ছুড়ে মারেন। এতে তাঁর মাথা ফেটে যায়। ​তাঁকে উপজেলা স্বাস্থ্য ক​মপ্লেক্সে চিকিৎ​সা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকেরা শামীম আহমেদকে বেশ কিছু সময় কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজন এসে তাঁকে উদ্ধার করে ফেরত পাঠান।

শামীম আহমেদ বলেন, তাঁকে (আবদুল্লাহ) স্ট্যাপলার কেন, কোনো কিছু দিয়েই আঘাত করা হয়নি। এটা সাজানো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।