প্রধান শিক্ষকের লোকজনের 'হামলা' শিক্ষকসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর গত রোববার প্রধান শিক্ষকের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের যোগদানে বাধা দেওয়া নিয়ে এ ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষক ও ২০ শিক্ষার্থী আহত হয়েছে। আতঙ্কে গত সোমবার বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ শিক্ষক ও চার শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত শিক্ষকেরা হলেন সালাহ উদ্দিন (৩০), নুরুন নবী (৪৪), বিল্লাল হোসেন (৪১), হরি কমল দাস (৫৫) ও রুহুল আমিন (৫০)।

বিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ১৮ অক্টোবর দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথকে সাময়িক বরখাস্ত করে। গত ৩০ জুন অখিল চন্দ্র কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে স্কুলে যোগদানের অনুমতিপত্র নিয়ে আসেন। এ বিষয়ে ২১ জুলাই পরিচালনা পর্ষদের সভা হয়। সেখানকার সিদ্ধান্ত অনুসারে গত বৃহস্পতিবার অখিল চন্দ্রকে পুলিশি পাহারায় বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়। সেদিন যোগদান না করে রোববার দুপুর ১২টার দিকে অখিল চন্দ্র যোগদানের জন্য বিদ্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা ক্লাস না করে তাঁর বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গণে মিছিল বের করে। এ পর্যায়ে এলাকার ১৫ থেকে ২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, হামলাকারীরা সবাই প্রধান শিক্ষকের লোক। তাঁর উপস্থিতিতেই শিক্ষক ও শিক্ষার্থীদের পেটানো হয়েছে।

অখিল চন্দ্র দেবনাথ বলেন, ‘আমি বিদ্যালয়ে যাওয়ার পর শিক্ষক ও বহিরাগত ব্যক্তিদের ইন্ধনে শিক্ষার্থীরা মিছিল করে। হামলার সঙ্গে আমার যোগদানের সম্পর্ক নেই।’ ইউএনও বলেন, সোমবার স্কুলের অভিভাবক সদস্য ও সচেতন লোকদের নিয়ে সভা হয়েছে। এতে হামলার ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।