প্রধান শিক্ষকের হাতে আরেক শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের মাঠ পরিষ্কার মনঃপূত না হওয়ায় প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত হলেন আরেক শিক্ষক। আজ শ​নিবার সকালে রাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুল দাইড় বহুমুখী উচ্চবিদ্যালয়ে ঘটে এ ঘটনা। প্রধান শিক্ষক আবদুল লতিফের হাতে একই বিদ্যালয়ের মৌলভি শিক্ষক আবদুল খালেক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ পরিষ্কার নিয়ে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফের নির্দেশে ধর্ম বিষয়ের শিক্ষক আবদুল খালেক শিক্ষার্থীদের দিয়ে আজ সকালে মাঠ পরিষ্কার করান। কাজ শেষে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে চলে যায়। কিন্তু যেভাবে মাঠ পরিষ্কার করিয়েছেন তা পছন্দ হয়নি প্রধান শিক্ষকের। তিনি শিক্ষক খালেককে এ বিষয়ে জিজ্ঞাসা করার একপর্যায়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। আবদুল খালেক এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সামনে তাঁকে মারধর করেন।

আবদুল খালেক বলেন, প্রধান শিক্ষকের নির্দেশ মোতাবেক কাজ শেষ করি। তিনি মাঠ পরিষ্কার ভালো হয়নি বলে আমাকে মারধর করেন। এ বিষয়ে আমি বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে বিচার প্রার্থনা করেছি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, শিক্ষকের দায়িত্বহীনতার কারণে তাঁকে সামান্য মারধর করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি কাজীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি ন্যক্কারজনক। দ্রুত পরিচালনা কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।