প্রধান শিক্ষকের 'নিয়োগ-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী শিক্ষামন্ত্রী, স্থানীয় সাংসদ ও চারজন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নানা অনিয়মের মাধ্যমে একাধিক শিক্ষক নিয়োগ দিয়ে প্রায় ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দীন আলী প্রধান শিক্ষকের অপকর্মে সহযোগিতা করেছেন।
লিখিত অভিযোগে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, প্রধান শিক্ষক ১০ লাখ টাকা নিয়ে রফিকুল ইসলামকে গণিতের শিক্ষক ও তিন লাখ টাকার বিনিময়ে ফেরদৌস আলমকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। পরে গণিত শিক্ষকের নিবন্ধন জেলা শিক্ষা কার্যালয়ে ভুয়া প্রমাণিত হয়।
এ ছাড়া ১৬ লাখ টাকা নিয়ে আছমা খাতুনকে জীববিজ্ঞানের ও সুব্রত কুমারকে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির সনদ বিক্রি করে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলামকে জানানো হয়। সাংসদ বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করতে বলেন।
এ পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি আদমদীঘি উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মতিন তদন্তের জন্য আসেন। প্রধান শিক্ষক ও তাঁর অনুগত কিছু লোকজন তদন্তে বাধা সৃষ্টি করেন। পরে পুনঃ তদন্তের কথা বলা হলেও তা আর হয়নি।
এ বিষয়ে জানার জন্য চেষ্টা করেও আবদুল মতিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ফজলুল করিম বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে ২০১২ সাল থেকে বগুড়া সহকারী জজ আদালতে মামলা বিচারাধীন থাকলেও প্রধান শিক্ষক মামলার তোয়াক্কা করছেন না।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি মহল বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে জায়গা না পেয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
কমিটির সাবেক সভাপতি আলাউদ্দীন আলী টাকা নিয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি অনেকটা স্বাভাবিক হিসেবে বিবেচনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন শিক্ষক নিয়োগে সব জায়গায় টাকা নেওয়া হয়। আমরাও কিছু নিয়েছিলাম।’