প্রধান শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষিকাকে হয়রানির অভিযোগ উঠেছে। গত রোববার সংবাদ সম্মেলনে ধানসাগরের ইউপি সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে এ অভিযোগ করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলিয়াস হোসেন বলেন, ২০১৩ সালে বাঁধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের সময় ইউপি সদস্য রেজাউল সভাপতি নির্বাচিত হতে ব্যর্থ হন। এতে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জসিমা আক্তারকে হয়রানি করছিলেন। তবে ইউপি সদস্য হওয়ায় পদাধিকার বলে রেজাউল ব্যবস্থাপনা কমিটির সদস্য। ১ জানুয়ারি বই বিতরণে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তিনি বিভিন্ন দপ্তরে তাঁর লোকজন দিয়ে মিথ্যা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। তিনি (ইলিয়াস) দাবি করেন, বিষয়টি সাজানো ও পরিকল্পিত। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ইউপি সদস্যের বিচারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার সরদার, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ফরিদ হোসেন, ছাত্রছাত্রীদের অভিভাবকসহ বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষিকা জসিমা বলেন, ‘ইউপি সদস্য রেজাউল গত কমিটিতে সভাপতি নির্বাচিত না হতে পারায় আমার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। এরপর বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকিসহ নানাভাবে হয়রানি করছিলেন। বই বিতরণ সুষ্ঠু ও সঠিকভাবে হলেও তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। আগামী মার্চ মাসে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনকে প্রভাবিত করতে তিনি এ ষড়যন্ত্র করছেন।’
প্রধান শিক্ষিকা জসিমাকে হয়রানির অভিযোগ অস্বীকার করে রেজাউল বলেন, ‘বই বিতরণে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। এতে আমার সংশ্লিষ্টতা নেই।’ এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষিকা জসিমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত বিষয় জানা যাবে।