রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা বেগমের বিরুদ্ধে এবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ওই অভিযোগের সত্যতা পেয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ ছাড়া শাহিনা বেগম বিনা মূল্যের সরকারি বই বিতরণে শিক্ষার্থীপ্রতি ৫০-১০০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘তাঁরা খোশগল্প করেন, ক্লাস নেন ভাড়াটে শিক্ষকেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক বদলিসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেন। ১৩ অক্টোবর ইউএনও ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেন।
প্রধান শিক্ষিকা পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলেক জান্ডার মণ্ডলের সই জাল করে পত্রিকায় প্রকাশিত ঘটনা আবার তদন্তের জন্য রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেন বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা এম খলিলুর রহমান ১০ নভেম্বর ঘটনাটি আবার তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল হককে সঙ্গে নিয়ে মঙ্গলবার সরেজমিনে তদন্তে যান। এ সময় আলেক জান্ডার মণ্ডল উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেন, তিনি প্রধান শিক্ষিকার পক্ষে কোনো আবেদন করেননি।
অভিযোগের বিষয়ে শাহিনা বেগম বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবার তদন্তের জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করে এখন অস্বীকার করছেন। বই বিতরণে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে ছবি তোলার জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু অভিযোগ আসার পর শিক্ষা কর্মকর্তার নির্দেশে তা ফেরত দিচ্ছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা ওই প্রধান শিক্ষিকা স্বীকার করেছেন। এখন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।