প্রধান সন্দেহভাজন ইউপি চেয়ারম্যান আতিকুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেওয়ান আতিকুর রহমান
দেওয়ান আতিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার ভাটারা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদের কাছে চেয়ারম্যান আতিকুরকে হস্তান্তর করে ভাটারা থানা-পুলিশ।
ওসি মফিজ উদ্দিন ও এসআই ইশতিয়াক আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর চেয়ারম্যান আতিকুরকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ভাঙচুরের মামলায় দেওয়ান আতিকুরকে গ্রেপ্তার দেখানো হবে।

ফেসবুকের যে ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে, সেটি হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারের যুবদল নেতা জাহাঙ্গীর আলম তাঁর আল আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিও থেকে প্রিন্ট করে এলাকায় লিফলেট আকারে বিতরণ করেন বলে শুরু থেকে অভিযোগ ছিল। জাহাঙ্গীর চেয়ারম্যান আতিকুরের অনুসারী বলে সবার কাছে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া থেকে গত ২৮ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি চেয়ারম্যান দেওয়ান আতিকুর, তাঁর ভাই দেওয়ান রুবেলসহ কয়েকজনের নাম বলেন। আতিকুর ট্রাক ভাড়া করতে জাহাঙ্গীরকে নির্দেশ দিয়েছিলেন বলে জবানবন্দিতে তিনি জানান। ট্রাকভাড়া বাবদ ১০ হাজার টাকা পরিশোধও করেন আতিকুর।

চেয়ারম্যান দেওয়ান আতিকুর এর আগে প্রথম আলোকে বলেছিলেন, জাহাঙ্গীর তাঁর এলাকার লোক। নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেছেন।

গত ১৩ নভেম্বর হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বাসিন্দা ও ট্রাক্টর-মালিক নুরুল হক, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ট্রাকচালক পারভেজ খান, ফারুক মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আহাদ মিয়া মন্দিরে হামলার ঘটনায় করা মামলায় সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, ৩০ অক্টোবর ঘটনার দিন ট্রাক ও ট্রাক্টর ভাড়া করে হরিপুর থেকে লোকজন নাসিরনগর সদরের সমাবেশস্থলে যায়। ওই সমাবেশ থেকেই হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়। লোকজন নেওয়ার জন্য ট্রাক ও ট্রাক্টর ভাড়া করেছিলেন চেয়ারম্যান আতিকুর, তাঁর ভাই ও সমর্থকেরা।

গত ৩০ অক্টোবর রাতে নাসিরনগরের রসরাজ দাস নামের এক ব্যক্তির ফেসবুক থেকে ধর্মীয় অবমাননাকর একটি পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরে হিন্দু বসতি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এরপর আরও চার দফায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে।