প্রধান সন্দেহভাজন মোতাহার 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা
কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা

ঢাকার কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মোতাহার হোসেন (৫৫) র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র্যা ব বলছে, গতকাল সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চিতাখোলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মোতাহার শিশু আবদুল্লাহর মায়ের বড় মামা। সেই হিসেবে মোতাহার সম্পর্কে আবদুল্লাহর নানা। নিখোঁজের তিন দিন পর মোতাহারের বাসা থেকেই আবদুল্লাহর লাশ উদ্ধার করেছিল পুলিশ। এরপর থেকে মোতাহার পলাতক ছিলেন।
র্যা ব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, গত রোববার রাত থেকে র্যা ব-১০-এর কয়েকজন সদস্য দক্ষিণ কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় টহলের দায়িত্ব পালন করছিলেন। গতকাল ভোরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁরা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। দুটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। কিন্তু মোটরসাইকেল আরোহীরা সংকেত না মেনে চলন্ত অবস্থায় র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। র্যা ব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। গোলাগুলির একপর্যায়ে একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আরোহীর গায়ে গুলি লাগে। এতে ওই আরোহী মোটরসাইকেল থেকে পড়ে যান। ওই আরোহীকে ফেলে অন্যরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। র্যা ব গুলিবিদ্ধ ওই আরোহীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠায়।
র্যা ব কর্মকর্তা জাহাঙ্গীর আরও বলেন, নিহত ব্যক্তির মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর নাম মোতাহার হোসেন বলে জানা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত ব্যক্তি শিশু আবদুল্লাহ হত্যার প্রধান সন্দেহভাজন। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা নিহত মোতাহারের লাশের সুরতহাল তৈরি করেছেন। মোতাহারের মাথা, বুক ও পেটে তিনটি গুলি লেগেছে।
‘বন্দুকযুদ্ধের’ স্থানের আশপাশের কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, ভোরে তাঁরা গোলাগুলির শব্দ শুনেছেন। তবে কে বা কারা করেছে তা তাঁরা জানেন না। মোতাহারের নিহত হওয়ার খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে শিশু আবদুল্লাহর বাবা বাদল মিয়াসহ এলাকার অনেকেই মর্গে লাশ দেখতে যান।
আবদুল্লাহ পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের রুহিতপুর মুগারচরের বাসায় থাকত। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত সে। গত ২৯ জানুয়ারি দুপুরে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় আবদুল্লাহর নানা মারফত আলী কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের কাছে কে বা কারা মুঠোফোনে খুদে বার্তা পাঠায়। সেখানে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরিবার বিকাশের মাধ্যমে দুই লাখ টাকাও পাঠায়, কিন্তু আবদুল্লাহর খোঁজ পাওয়া যায়নি। পরে ২ ফেব্রুয়ারি দুপুরে বাসা থেকে প্রায় ১০০ গজ দূরে মোতাহারের বাড়ির দোতলা থেকে আবদুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ড্রামের ভেতরে ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মোতাহারের ছেলে মেহেদী হোসেন, মেয়ে মিতু আক্তার এবং প্রতিবেশী মো. খোরশেদ ও আল আমিনকে আটক করে। কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হওয়ার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, গত রোববার মেহেদী ও খোরশেদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ঢাকা জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল একই আদালতের মাধ্যমে আসামি মিতুকেও কারাগারে পাঠানো হয়।
অন্য আসামি আল আমিনের ব্যাপারে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন প্রথম আলোকে বলেন, আল আমিনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া গতকাল মামলায় নতুন করে মো. আব্বাস ও মো. কায়কোবাদ নামের নিহত মোতাহারের দুই প্রতিবেশীকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।