প্রধান সন্দেহভাজন হাতকাটা নবী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা রিয়াজুল হোসেন হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন নুরুন্নবী ওরফে হাতকাটা নবীকে আটক করেছে পুলিশ। তিনি শ্যামপুর-কদমতলী থানা ওলামা লীগের সাধারণ সম্পাদক। পুলিশ বলছে, তাদের সন্দেহ, চারটি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নিহত রিয়াজুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হাতকাটা নবীকে দুপুর সাড়ে ১২টার দিকে আটক করা হয়েছে।
গত বুধবার রাতে সন্ত্রাসীরা পূর্ব জুরাইনের কালা মিয়া সরদার রোডে শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুলকে তাঁর নিজের রড-সিমেন্টের দোকানে গুলি করে তাঁকে হত্যা করে। রিয়াজুলের মামা নজরুল ইসলাম দাবি করেন, স্থানীয় সন্ত্রাসী হাতকাটা নবী, শওকত ও কালু এ হত্যাকাণ্ডে জড়িত।
পুলিশের ওয়ারী বিভাগের কর্মকর্তারা বলেন, রিয়াজুল চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নেওয়ায় হাতকাটা নবীর সঙ্গে তাঁর বিরোধ দেখা হয়। এ বিষয় সামনে রেখে তদন্তকাজ এগোচ্ছে। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার, ব্যবসায়িক বিরোধ, পূর্বশত্রুতার বিষয়টিও তদন্তের তালিকায় রাখা হয়েছে।
রিয়াজুলের ঘনিষ্ঠজনেরা বলেন, হাতকাটা নবীর সঙ্গে একাধিক বিষয়ে রিয়াজুলের বিরোধ চলছিল। আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে রেষারেষি ছিল। কয়েক বছর আগে শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। এ ছাড়া নবী ও তাঁর লোকজন এলাকায় চাঁদাবাজিসহ নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এতে রিয়াজুল বাধা দিতেন। জুরাইনের একই এলাকায় রিয়াজুল ও নবীর রড-সিমেন্টের দোকান রয়েছে। রিয়াজুলের দোকানে বিক্রি ভালো হওয়ায় তাঁকে দোকান বন্ধ করারও হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি জুরাইনের একটি জমির দখল নিয়ে আবার বিরোধ হয় রিয়াজুল ও হাতকাটা নবীর। এসব কারণেই নবী ও তাঁর লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রিয়াজুল স্ত্রী ডলি আক্তার ও দুই ছেলেকে নিয়ে জুরাইনের হাজি আফসার করিম রোডের বাড়িতে থাকতেন। গতকাল দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। স্বজন ও দলীয় নেতা-কর্মীদের ভিড়। ডলি কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বিলাপ করে বলেন, ‘যারা আমাকে বিধবা করেছে, আমার ছোট্ট দুই ছেলেকে অনাথ করেছে, আমি তাদের বিচার চাই।’ তিনি বলেন, ‘হাতকাটা নবীই আমার স্বামীকে খুন করেছে।’
ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে রিয়াজুলের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি।