প্রধান সড়কের পাশে অননুমোদিত স্ট্যান্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়কের থানা মোড় এলাকার দুপাশে যানবাহনের অননুমোদিত স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্ট্যান্ড সড়কের বড় অংশ দখল করে নিয়েছে। এখানে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়কের ধানহাটি মোড়ের এক পাশে সিএনজিচালিত অটোরিকশা ও অপর পাশে ব্যাটারিচালিত অটোরিকশা, জবা হোটেলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা, নাহার টেলিকমের সামনে সিএনজিচালিত অটোরিকশা, রাজমনি হোটেলের সামনে লোকাল বাস, মা মেডিকেল হলের সামনে ঢাকাগামী বাস, টিটু মেডিকেল হলের বিপরীতে সিএনজিচালিত অটোরিকশা, থানা মোড় সড়কের বাম পাশে সিএনজি ও ডান পাশে ব্যাটারিচালিত অটোরিকশা, কলেজ রোডের ডানে ব্যাটারিচালিত অটোরিকশা ও বাইপাসে সাধারণ রিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্ট্যান্ডের কোনো অনুমোদন নেই।
স্থানীয় লোকজন জানায়, প্রতি রোব ও বুধবার উপজেলা সদরে সাপ্তাহিক বড় হাট বসে। এই দুই দিন সড়কের দুপাশে ব্যবসায়ীরা অস্থায়ী দোকান নিয়ে বসে। এতে যানজট প্রকট আকার ধারণ করে।
ঝিনাইগাতী সদরের বাসিন্দা মো. জাহিদুল হক বলেন, প্রধান সড়কের দুপাশে বিভিন্ন যানবাহনের অননুমোদিত স্ট্যান্ড গড়ে ওঠায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া প্রধান সড়কের দুপাশে ফুটপাত না থাকায় রাস্তার মাঝখান দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হয়।
উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ বলেন, উপজেলা সদরের থানা মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সেখান দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, প্রতিদিন উপজেলায় গড়ে ৮০০ থেকে ৯০০ অটোরিকশা চলাচল করে। কিন্তু সরকারিভাবে কোনো স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে তাঁরা সড়কের বিভিন্ন স্থানে এসব যান দাঁড় করিয়ে রাখেন। সরকারিভাবে একটি স্ট্যান্ড নির্মাণের জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইগাতীর ইউএনও এ জেড এম শরীফ হোসেন প্রথম আলোকেবলেন, উপজেলা সদরকে যানজটমুক্ত করতে ও যানবাহনের অননুমোদিত স্ট্যান্ডের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।