প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গালি, পৌর মেয়র আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গালি দেওয়ার অভিযোগে রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি আক্কাস আলীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে বাঘা পৌরসভার সামনে থেকে তাঁকে আটক করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানের দাবি, আক্কাস আলী মাতাল অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গালাগালি করছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই তিনি অকথ্য ভাষায় তাঁদের গালাগাল দেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, আক্কাস আলীর বিরুদ্ধে মাদক সেবন আইনে মামলা হবে।
তবে পৌরসভা-সংলগ্ন দোকানের দোকানি আবদুর রাজ্জাক ও কাউসার হোসেন জানান, আক্কাস আলী প্রধানমন্ত্রীকে কোনো গালি দেননি। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গালাগালি করছিলেন।