প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, শিবিরকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, সরকারের কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ মহাপরিদর্শকের ব্যঙ্গাত্মক ছবি পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামে এনামুল হক (২৮) নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে আন্দরকিল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এবং পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের ব্যঙ্গাত্মক ছবি ফেসবুকে পোস্ট করেন শিবিরকর্মী এনামুল হক। এ ছাড়া ‘এবারের সংগ্রাম ইসলামকে ধ্বংস করার সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগানও পোস্ট করেন তিনি। পরে গোপন তথ্যের ভিত্তিতে নগরের আন্দরকিল্লা এলাকা থেকে একটি মুঠোফোনসহ তাঁকে আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, আইনশৃঙ্খলার অবনতিসহ রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এনামুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২০১৩ সালে নগরের পাঁচলাইশ থানায় করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে এনামুল জামিনে বে​রিয়ে আসেন বলেও জানান এসআই সন্তোষ চাকমা।
এনামুল হক আজ দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘নগরের আন্দরকিল্লায় আমার ছাপা কারখানা রয়েছে। আমার ফেসবুকের আইডি অনেকেই জানে। হয়তো তারা কেউ পোস্টগুলা দিয়েছে।’ নিজেকে শিবিরকর্মী স্বীকার না করলেও ২০১৩ সালে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করেন তিনি।
এনামুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আহম্মদ হোসেনের ছেলে।