প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন স্ট্যাটাস দেওয়ায় প্রধান অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগের মামলায় প্রধান অভিযুক্ত আবদুর রাজ্জাককে (২৬) রাজশাহীর বাগমারা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগমারার হাটমাধনগর গ্রামের মমতাজ আলীর ছেলে। আবদুর রাজ্জাক জামায়াতের কর্মী বলে মামলার বাদী দাবি করলেও স্থানীয় জামায়াত এ দাবি অগ্রাহ্য করেছে।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আজ সকালে আবদুর রাজ্জাককে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। তবে যে মুঠোফোন থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছিল, তা উদ্ধার করা সম্ভব হয়নি। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার আবদুর রাজ্জাক তাঁর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে অশালীন বক্তব্য লিখে একটি স্ট্যাটাস দেন। এরপরেই বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। এতে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি ও উত্তেজনা দেখা দেয়। ওই রাতে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আজিবর রহমান থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ জামায়াতের ওই কর্মীকে আটকের জন্য অভিযান চালায়। তবে পুলিশ তাঁকে ধরতে পারেনি। এই ঘটনার ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ বিএনপির স্থানীয় ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক স্কুলশিক্ষক সাহেব আলীকে (৪২) এবং আবদুর রাজ্জাকের মা ও মামিকে আটক করে। পরের দিন গোপনীয়তা রক্ষা করে পুলিশ বিএনপির ওই নেতাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালেও মা ও মামিকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।
মামলার বাদী আওয়ামী লীগের ওই নেতা আজিবর রহমান বলেন, স্ট্যাটাস দেওয়া আবদুর রাজ্জাক একজন শিবিরের কর্মী ছিলেন। পরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এর আগেও তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। তবে জামায়াতের উপজেলা শাখার সম্পাদক ওহিদুল ইসলাম দাবি করেছেন, ওই নামের কোনো জামায়াতের কর্মী তাঁদের নেই।
এসব বিষয়ে কথা বলার জন্য আজ দুপুরে আবদুর রাজ্জাকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।