প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর প্রতিবেদন শেয়ার, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনলাইনে প্রকাশিত একটি আপত্তিকর প্রতিবেদন ফেসবুকে শেয়ার করার অভিযোগে নাটোরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম রুহুল আমিন (২৫)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে।
জানা গেছে, গত ১৬ মার্চ ওয়ার্ল্ড নিউজ নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ভাই শেখ কামাল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর কথা বলা হয়। প্রতিবেদনটি ২০ মার্চ ফেসবুকে শেয়ার করেন রুহুল আমিন। গতকাল শুক্রবার ফেসবুকে প্রতিবেদনটি দেখে সন্ধ্যায় রুহুল আমিনের বিরুদ্ধে নাটোর সদর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করেন কেরামত আলী নামে আওয়ামী লীগের এক কর্মী। তারপর স্থানীয় লোকজন হজরতপুর বাজার থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এলাকার লোকজন দুপুরে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তাঁর ভাই লোকমানকেও আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মিঠুন চক্রবর্তী বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।