প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ক্যাম্পাস থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, গতকাল সকালে ফেসবুকে পৃথক তিনটি স্ট্যাটাস দেন দিলীপ রায়। এতে প্রধানমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য করায় অনেকে দিলীপ রায়ের ওপর ক্ষিপ্ত ছিলেন। তাই পরিস্থিতি শান্ত করতে তাঁকে থানায় নিয়ে আসা হয়। বিকেলে তথ্যপ্রযুক্তি আইনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামলা করেন। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘কোনো অভিযোগ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে এভাবে ছাত্রনেতাকে তুলে নিয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’