প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার মেহেদী হাসান নামের এক ছাত্রকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মেহেদী হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে কলা অনুষদের ভেতরে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদীর ওপর ছাত্রলীগের কিছু কর্মী চড়াও হন। এ সময় তাঁরা মেহেদীকে বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে মারতে মারতে ছাত্রলীগের দলীয় টেন্টের দিকে নিয়ে আসেন। সেখানে নেতা-কর্মীরা তাঁর ওপর আবারও চড়াও হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান ঘটনাস্থলে এসে মারধর ঠেকানোর চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন। পরে প্রক্টর ওই ছাত্রকে নিজ কার্যালয়ে নিয়ে যান। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক কর্মী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে মেহেদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছিলেন। এ ব্যাপারে তাঁকে সতর্ক করার পরও তিনি দাম্ভিকভাবে নিজেকে জাহির করেন। তাই তাঁকে একটু শাসন করা হয়েছে।
তবে মেহেদী হাসান বলেন, ‘ইমোতে আমাদের বাংলা বিভাগের একটি গ্রুপের একটি ছেলে প্রায়ই অনেক উল্টাপাল্টা ছবি পোস্ট করেন। আর আমিও এসব ছবির ব্যাপারে পাল্টা মন্তব্য করতাম। মাঝে একদিন একটি ছবিতে মন্তব্য করি, কিন্তু বুঝতে পারিনি সেটা প্রধানমন্ত্রীর ছবি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদ করেছেন। তবে মেহেদীকে ছাত্রলীগ মারধর করেছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘মেহেদীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।’