প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করার অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকি নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ইরাদের বাবা বিএনপি সাবেক নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকি।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।
টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে করা এই মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি ফেসবুকে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটাক্ষ করেছেন।
বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, টাঙ্গাইলের অতিরিক্ত বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুম মামলাটি গ্রহণ করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।