প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হাসানুল হক মিঠু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকার আফতাব মটরস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাসানুল হক মিঠু পৌর শহরের পেট্রোবাংলা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। আপত্তিকর মন্তব্য করায় সিংড়া থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন হাসানুল হক মিঠু। পরে সিংড়া পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। রাতেই সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস তাঁকে আটক করেন। গতকাল সিংড়ার আমলি আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবব্রত দাস জানান, বাদী অভিযুক্ত ব্যক্তির ফেসবুকের আপত্তিকর মন্তব্যটি প্রিন্ট করে পুলিশকে দিয়েছেন। পুলিশ ফেসবুকের ওই পোস্ট যাচাই-বাছাই করছে।