প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফুর রহমান ওরফে রঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু। ওই বছরের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়। এ–সংক্রান্ত মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

হাফিজ আক্তার জানান, ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সেখানে ছাত্রদলের নেতৃত্ব দিতেন।