প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছে অস্ত্রসহ আটক ১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে একনেকের সভা চলাকালে পরিকল্পনা কমিশন ভবনের সামনের রাস্তা থেকে একটি রিভলবার ও ২০টি গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে আটক করা তারেক আজিজ নামের ওই ব্যক্তিকে রাতে শেরেবাংলা নগর থানায় জিজ্ঞাসাবাদ চলছিল।
পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তারেক আজিজ নিজেকে ফটোসাংবাদিক দাবি করে বলেছেন, অস্ত্রটি তাঁর লাইসেন্স করা। পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অভিভাবক হিসেবে গিয়েছিলেন। তাঁর ছেলে এই সমাবর্তনে ডিগ্রির সনদ নেন। সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ছিলেন।
রাত সাড়ে আটটায় যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, রিভলবারটি তারেক আজিজের লাইসেন্স করা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে করণীয় সম্পর্কে এখনো সিদ্ধান্ত হয়নি।
অস্ত্র ও গুলিসহ তারেক আজিজকে আটক করা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। পরিকল্পনা কমিশনের কয়েকজন কর্মকর্তা ও একটি গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলার সময় তারেক আজিজ নামের ওই ব্যক্তি প্রধান ফটক দিয়ে ঢুকতে চাইছিলেন। সেখানে উপস্থিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁর কাছে অস্ত্র আছে বলে ধারণা করেন। এরপর তাঁকে তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ২০টি গুলি উদ্ধার করেন। পরে তাঁকে একটি গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের কার্যালয়ে নিয়ে যায়। সন্ধ্যার পর তাঁকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগ বলছে, দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে থেকে তাঁকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। সেখান থেকে তাঁকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। তাঁদের কাছে এখন প্রশ্ন, তারেক আজিজ অস্ত্র ও গুলি নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছে কেন গিয়েছিলেন? নাকি তিনি অস্ত্র ও গুলি অন্য কাউকে দিতে চেয়েছিলেন?
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, অস্ত্রটি তাঁর লাইসেন্স করা, এমন তথ্য পাওয়া যাচ্ছে।
কয়েকজন ফটোসাংবাদিক প্রথম আলোকে বলেন, তারেক আজিজ দৈনিক দেশজনতা পত্রিকার পরিচয়পত্র দিয়ে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছিলেন। তবে তিনি কখনো পেশাগত দায়িত্ব পালন করেননি। বহুদিন ধরে দেশজনতার প্রকাশনা বন্ধ রয়েছে। তিনি যাত্রাবাড়ী ও সোয়ারীঘাটে মাছের ব্যবসা করেন।