প্রধানমন্ত্রীর এপিএসের পিএস পরিচয়ে প্রতারণা, বিচারকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন খুলনা মহানগর হাকিম ফারুক ইকবাল। আজ সোমবার দুপুর একটার দিকে মহানগর হাকিম আদালতে প্রতারণার এই ঘটনা ধরা পড়ে।

প্রতারক আবদুর রাজ্জাক (৪০) মাদারীপুর সদরের মোস্তফাপুরের বাসিন্দা। বর্তমানে তিনি সদর থানা-পুলিশের হেফাজতে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, ২ এপ্রিল একটি মামলার তদবিরে বিচারককে ফোন দেন আবদুর রাজ্জাক। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের পিএস পরিচয় দেন। আজ ওই মামলার দিন ধার্য ছিল। মামলার শুনানি চলাকালে ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার সময় কণ্ঠস্বর শুনে আদালতের সন্দেহ হয়। পরে জেরার একপর্যায়ে আবদুর রাজ্জাক পিএস পরিচয় দিয়ে প্রতারণা করেছেন বলে স্বীকার করেন। আবদুর রাজ্জাকের বিরুদ্ধে মহানগর হাকিম ফারুক ইকবাল নিজে বাদী হয়ে প্রতারণার মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।